ভুতনির পর এবার গঙ্গার ছোবল মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের পার অনুপনগর গ্রামে। ইতিমধ্যেই ভাঙনের জন্য নদীতে তলিয়ে গিয়েছে ১৮ টি বাড়ি। ফারাক্কা ব্যরেজের দখিনে আড়াআড়ি ভাবে প্রায় ৫০০ মিটার এলাকায় ভাঙন শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এইন ভাঙনের জন্য ওই এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়টির এক অংশ আজ নদী গর্ভে চলে যায়।
কালিয়াচক ৩ নম্বর ব্লকের পার অনুপনগর গ্রামে শুরু হয়েছে ভাঙন। জানা গেছে, গত রাতে ১২.৪৫ থেকে ভাঙন শুরু হওয়ার পর থেকে ওই এলাকার প্রায় ১৮ টি বাড়ি গঙ্গায় তলিয়ে গেছে। পার অনুপনগরের রাধাগোবিন্দ মন্দির থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলাকায় ভাঙন হচ্ছে। স্কুলটি বাঁচানোর জন্য সেখানে ৯০ মিটার এলাকায় অস্থায়ী বাঁধ নির্মাণ করেছিলেন স্থানীয়রা। কিন্তু শেষ রক্ষা হল না ওই এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়টির।
স্থানীয়রা জানান, স্কুলের অর্ধেক অংশ জলে তলিয়ে গেছে। হয়তো আজ রাতের মধ্যে বাকি অংশও নদী গর্ভে চলে যাবে বলে তাদের ধারনা।